আফগানিস্তানে অ্যাকাউন্ট লকডাউন সুবিধা আনলো ফেসবুক

২০ আগষ্ট, ২০২১ ২২:২৯  
তালেবান কর্তৃক ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন। অফলাইনের পাশাপাশি অনলাইন মাধ্যমগুলো থেকেও নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। এই পরিস্থিতিতে নিজেদের প্ল্যাটফর্মে আফগানদের অ্যাকাউন্টকে ‘গোপন’ রাখতে নতুন টুল চালু করেছে ফেসবুক। শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, তালেবানের রোষানল থেকে অনলাইনে আফগানদের বাঁচাতে বেশকিছু ফিচার বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বন্ধু তালিকা দেখা ও সার্চ করার ফিচার। মাত্র এক ক্লিকেই আফগানরা তাদের অ্যাকাউন্ট লকডাউন করতে পারবেন। এতে টাইমলাইন পোস্টের প্রাইভেসিং সেটিংস পাল্টে যাবে। প্রোফাইল ছবি ডাউনলোড কিংবা শেয়ার করা যাবে না বলে জানিয়েছেন ফেসবুকের নিরাপত্তা নীতিমালা বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইশার। একইভাবে পেশাজীবীদের নেটওয়াকিং সাইট লিংকডইন তাদের ব্যবহারকারীদের জন্যও পদক্ষেপ নিয়েছে। আফগানিস্তানের সকল ব্যবহারকারীর ‘কানেকশন’ লুকিয়ে ফেলা হয়েছে। ইনস্টাগ্রামেও নিজের অ্যাকাউন্ট কীভাবে ধাপে ধাপে রক্ষা করা যাবে সে বিষয়ে পপ-আপ অ্যালার্ট চালু করেছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি। বিবিসি জানিয়েছে, প্রতিপক্ষ ও মার্কিন মিত্রদের চিহ্নিত করতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করতে পারে তালেবান। আর এই আশঙ্কা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নানা পদক্ষেপ নিচ্ছে। ডিবিটেক/বিএমটি